রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটে রাজবাড়ী–১ (সদর ও গোয়ালন্দ) এবং রাজবাড়ী–২ (পাংশা–বালিয়াকান্দি–কালুখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
মধ্যরাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।
রাজবাড়ী–১ আসন
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নূরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট। ধানের শীষের প্রার্থী ৫৩ হাজার ৪৪৯ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।
এ ছাড়া জাকের পার্টি মনোনীত মোহাম্মদ আলী বিশ্বাস (গোলাপ ফুল) পেয়েছেন ৮ হাজার ৮৭ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৫৮৬ ভোট।
এই আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৩০ হাজার ৩১৫ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ২ লাখ ৭১ হাজার ৯০২ জন। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৩০৬ এবং বাতিল ভোট ৫ হাজার ৫৯৬টি। ভোট প্রদানের হার ৬৩ দশমিক ২০ শতাংশ।
রাজবাড়ী–২ আসন
বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশিদ ধানের শীষ প্রতীকে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি মনোনীত জামিল হিজাযী (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু (কলস) পেয়েছেন ৩৬ হাজার ৩৩৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল মালেক (হাত পাখা) পেয়েছেন ৮ হাজার ৫০৩ ভোট। জাতীয় পার্টির শফিউল আজম খান (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৫২ ভোট।
স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা (ফুটবল) পেয়েছেন ১ হাজার ২১৯ ভোট, গণঅধিকার পরিষদ মনোনীত জাহিদ শেখ (ট্রাক) পেয়েছেন ৬৩৩ ভোট, খেলাফত মজলিস মনোনীত কাজী মিনহাজুল আলম (দেয়াল ঘড়ি) পেয়েছেন ৩২১ ভোট এবং সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত আব্দুল মালেক মন্ডল (ছড়ি) পেয়েছেন ২৬৬ ভোট।
এই আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৩ লাখ ৬৩ হাজার ১৯৪ জন। বৈধ ভোট ৩ লাখ ৫৩ হাজার ৮৮৫ এবং বাতিল ভোট ৯ হাজার ৩০৯টি। ভোট প্রদানের হার ৬৪ দশমিক ৮৯ শতাংশ।
গণভোটের ফলাফল
রাজবাড়ী–১ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৭ হাজার ২৫৫ এবং ‘না’ ভোট ৮৭ হাজার ২২৫টি। মোট অংশগ্রহণকারী ২ লাখ ৭১ হাজার ৬৩১ জন; বৈধ ভোট ২ লাখ ৪৪ হাজার ৭৫০ এবং বাতিল ভোট ২৬ হাজার ৮৮১টি।
রাজবাড়ী–২ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৭ হাজার ৬২৫ এবং ‘না’ ভোট ১ লাখ ১৪ হাজার ৭৬৭টি। অংশগ্রহণ করেন ৩ লাখ ৬১ হাজার ৯০৪ জন; বৈধ ভোট ৩ লাখ ২২ হাজার ৩৯২ এবং বাতিল ভোট ৩৯ হাজার ৫১২টি।

