শেরপুর (বগুড়া) প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি ২,৪৭,৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই জয়ের মাধ্যমে তিনি এই আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করলেন। ইতোপূর্বে তিনি ১৯৯১, ১৯৯৬ (দুইবার) ও ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে জয়লাভ করেছিলেন। এছাড়া ২০১৯ সালের উপ-নির্বাচনে বগুড়া-৬ আসন থেকেও তিনি বিজয়ী হয়েছিলেন।
এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. দবিবুর রহমান (‘দাঁড়িপাল্লা’ প্রতীকে) পেয়েছেন ১,৪২,৪৭০ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত খান কুদরত-ই-সাকলায়েন (‘ছাতা’) পেয়েছেন ১,১২৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মীর মো. মাহমুদুর রহমান (‘হাতপাখা’) পেয়েছেন ৫,৫৪০ ভোট এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত শিপন কুমার রবিদাস (‘কাস্তে’) পেয়েছেন ১,৭৭৪ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১,০৫,৩৪৬ ভোটে এগিয়ে থেকে বিজয়ী হন গোলাম মোহাম্মদ সিরাজ। তার এই জয়ে শেরপুর ও ধুনট উপজেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

