মো. জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল-১ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ১১২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল-১ ও নড়াইল-২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২,৯৪,১৫৫ জন। এর মধ্যে ধানের শীষ প্রতীকে বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯৯,৯৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা ওবায়দুল্লাহ কায়সার (‘দাঁড়িপাল্লা’) পেয়েছেন ৭৫,২২৫ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত মিলটন মোল্যা পেয়েছেন ৪৬১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল আজিজ পেয়েছেন ৬,৩৫২ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী এস এম সজ্জান হোসেন (ফুটবল) পেয়েছেন ৮৯৮ ভোট, বিএম নাগিব হোসেন (কলস) ১,১১৩ ভোট, সুকেশ সাহা আনন্দ (ঘোড়া) ৮৬৪ ভোট এবং উজ্জ্বল মোল্যা (হরিণ) পেয়েছেন ২৩০ ভোট।
এ নির্বাচনে মোট প্রদত্ত ভোট ছিল ১,৮৮,৭৫৫, বৈধ ভোট ১,৮৫,১১৮ এবং বাতিল ভোটের সংখ্যা ৩,৬৩৭। বিজয়ের পর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

