কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী শনিবার সন্ধ্যায় কোটালীপাড়ার উনশিয়া ভট্রের বাগানে সনাতন ধর্মাবলম্বীদের এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে রজগীনি কর্মকার নামে ষাটোর্ধ্ব এক নারী তার বাড়িতে প্রবেশের রাস্তা নির্মাণের দাবি জানালে জবাবে এমপি বলেন, “আমি আপনার বাড়িতে প্রবেশের রাস্তাটি করে দেবো মা, এটা আমার দায়িত্ব।” তার এই আশ্বাসে উপস্থিত জনতা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
এ সময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, কোটালীপাড়ার মানুষ—বিশেষ করে হিন্দু সম্প্রদায়—তাকে যে ভালোবাসা, আস্থা ও বিশ্বাস দিয়ে নির্বাচিত করেছেন, সেই আস্থা ধরে রাখতে তিনি কাজ করে যাবেন। তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে কোটালীপাড়া উপজেলা সদরের কাজী মন্টু ফিলিং স্টেশনের পাশের মাঠে দলীয় নেতাকর্মীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে কেউ অন্যায়-অত্যাচার করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “আমি নিজে অন্যায় করবো না, কাউকে অন্যায় করতে দেব না।”
তিনি আরও বলেন, রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী নয়; ইতিহাস সাক্ষী—দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও মুহূর্তে পরিস্থিতি বদলে গেছে। তাই ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি বলেন, “আমি আগে একটি দলের মনোনীত প্রার্থী ছিলাম, এখন আমি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার সকল মানুষের এমপি। আমার কাছে সবাই সমান—সকলেই সমান সুযোগ-সুবিধা পাবে।”

