ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত জনপ্রিয় নেতা আহম্মদ সোহেল মনজুর সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হবার খবরের পর এলাকায় আনন্দের জোয়ার বইছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর নতুন দায়িত্ব পাওয়ায় এলাকার মানুষ এতে উচ্ছ্বসিত।
স্থানীয়রা আশা করছেন, প্রতিমন্ত্রী হিসেবে তার নেতৃত্বে পিরোজপুরসহ দেশের গৃহায়ন ও অবকাঠামো খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-নেছাড়াবাদ) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত এই তরুণ সংসদ সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি এলাকার জন্য গর্বের বিষয় বলে মনে করছেন স্থানীয়রা।
আহম্মদ সোহেল মনজুর সুমনের রাজনৈতিক পটভূমিও সমৃদ্ধ। তার পিতা নূরুল ইসলাম মঞ্জুর ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, পিরোজপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এবং মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টরের বেসামরিক প্রধান।
ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির আকন বলেন, “পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও ব্যক্তিগত যোগ্যতার সমন্বয়ে প্রতিমন্ত্রী হিসেবে আহম্মদ সোহেল মনজুর সুমনের দায়িত্ব গ্রহণ দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন গতি আনবে।”
ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মানান বলেন, “তার নেতৃত্বে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গৃহায়ন ও অবকাঠামো খাতে উন্নয়নের নতুন দিগন্ত খুলবে।”
স্থানীয় জনগণ আশা করছেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাধ্যমে দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন সম্ভব হবে এবং এলাকায় ইতিবাচক পরিবর্তনের নতুন সূচনা হবে।

