মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে শেখ মনজুরুল হক রাহাদ (বাগেরহাট-২) ও মাওলানা মোঃ মশিউর রহমান খান (বাগেরহাট-১) পৃথকভাবে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার ঢাকা থেকে নিজ নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে বাদ জোহর মোল্লাহাট উপজেলা মডেল মসজিদে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শেখ মনজুরুল হক রাহাদ। একই দিন বাদ আসর একই স্থানে অধ্যক্ষ মাওলানা মোঃ মশিউর রহমান খান নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জামায়াত ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা দুই সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে দুই সংসদ সদস্যই বলেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে হবে। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জনগণের প্রত্যাশা পূরণে তারা অঙ্গীকার ব্যক্ত করেন। শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
নবনির্বাচিত দুই সংসদ সদস্য এলাকার জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে মোল্লাহাটসহ সংশ্লিষ্ট এলাকাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

