গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি, ইউএনও সাথী দাস।
সভায় চলতি রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখা, ঈদকে সামনে রেখে দৌলতদিয়া ঘাটে চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান বাড়ানো, ঘাট এলাকায় বালুর চাতালের অব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, ফসলি জমি হতে মাটি কেটে ইট ভাটায় বিক্রি প্রতিহত করা, দূর্ঘটনা প্রতিরোধে গোয়ালন্দ বাজার প্রধান সড়কে জরুরি সংস্কার, মাদক নিয়ন্ত্রণ, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ রোধসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা ওসি সভায় বলেন, “গোয়ালন্দের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” ইউএনও সাথী দাস সমাপনী বক্তব্যে উল্লেখ করেন, প্রশাসনের একার পক্ষে সব সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব নয়, তাই সকলের সহযোগিতা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ মমিনুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রুবেল, উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

