নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদরতে ভেজাল ও নকল খাদ্যপণ্য উৎপাদনের দায়ে তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-১১ সিপিএসসি নরসিংদী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী বড়বাজার ও হাজীপুর এলাকায় পরিচালিত যৌথ অভিযানে নকল এনার্জি ড্রিংকস উৎপাদন, বিষাক্ত কেমিক্যাল ব্যবহার এবং পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না দেওয়ার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে তল্লাশি চালানো হয় বড়বাজারের হাজী বেকারি, হাজিপুরের মিতালি বেকারি এবং নুপুর ফুড অ্যান্ড প্রোডাক্টে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানগুলোতে নকল এনার্জি ড্রিংকস তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া গেছে।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার, র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদীর সহকারী পরিচালক মাহমুদুর রহমান।
অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

