মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় শুটারগান, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মাওয়া আর্মি ক্যাম্পের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্রীনগর উপজেলার কথিত ‘বিকাশ গ্যাং’-এর অন্যতম সদস্য, চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বিকাশের বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে একটি দেশীয় শুটারগান, ৪ রাউন্ড শুটারগানের এ্যামোনিশন, ২২ পিস ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

