আহমেদ সিফাত,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের কুলিয়ারচর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
সফরকালে তিনি কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়নে ২০২৩ সালের ৩১ অক্টোবর বিএনপি ঘোষিত অবরোধ চলাকালে গুলিতে নিহত ইউনিয়ন কৃষকদল সভাপতি শহীদ বিল্লাল হোসেন ও ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি রেফায়েত উল্লাহর কবর জিয়ারত করেন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। এছাড়া ২০১৪ সালের অবরোধ চলাকালে টিয়ারশেলের আঘাতে নিহত রামদি ইউনিয়ন যুবদলের সদস্য শহীদ হাসান আলীর কবর জিয়ারত করেন। একই সফরে সদ্য প্রয়াত কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাতের কবরেও জিয়ারত করেন।
পরে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নিজ রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মশিউর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন খন্দকার, সহকারী কমিশনার (ভূমি) মিফতাহুল হাসান, সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) ফাইজুল ইসলাম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার প্রমুখ। এছাড়াও উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মুফতি নাছির উদ্দীন রহমানিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় তিনি জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি মাদ্রাসায় আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন। বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কুলিয়ারচরে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণে একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।
দিনব্যাপী এ কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

