ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার জামিরতলা এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাকিব শরীফ (২৮) ও মোঃ মিরাজ মুন্সি (৩০)। তারা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামিরতলা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামিরতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রাকিব শরীফের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ৭টি এবং মিরাজ মুন্সির বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ার জগলুল হাসান বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

