Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়নে জেলা টাস্কফোর্সের সভা

স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ২, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

সভায় ধূমপান ও তামাকজাত পণ্যের ক্ষতিকর দিক তুলে ধরে এর ব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়ন ও প্রচারণা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে পৌরসভা ও উপজেলার জনবহুল এলাকায় ধূমপান ও তামাকবিরোধী সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, স্কুলের অ্যাসেম্বলিতে সপ্তাহে অন্তত একদিন তামাকের ক্ষতিকর দিক তুলে ধরা, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রয় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সচেতনতামূলক দেয়াল লিখন, ব্যানার টানানো এবং তৃণমূল পর্যায়ে ধূমপানবিরোধী ক্যাম্পেইন পরিচালনার বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার, নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা তামাকমুক্ত নড়াইল গড়তে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।