মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার(২ মার্চ) দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় আলিফ বস্তা ট্রেডার্স অ্যান্ড চাউল ভান্ডারকে ৫০০ টাকা, কালাম স্টোরকে ৫০০ টাকা এবং জোয়ার্দ্দার স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া কসমেটিকস পণ্যে মূল্য উল্লেখ না থাকা এবং লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি করায় তাসিন কসমেটিকস অ্যান্ড গিফট কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য (হাইড্রোজ) ব্যবহার করার দায়ে মিজান হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

