নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুর মহানগরীকে চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদকমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার গাজীপুর মহানগর পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদার।
মতবিনিময়কালে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান বলেন, “নাগরিকরা যাতে শান্তিতে চলাফেরা ও জীবনযাপন করতে পারে, এজন্য অপরাধ দমন করতে হবে। ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।”
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, “অপরাধীর কোনো দল বা পরিবার নেই। কে কার পাশে ছিল তা বিবেচনা নয়; অপরাধীকে অপরাধী হিসেবেই গণ্য করতে হবে এবং আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনতে হবে। পুলিশ প্রশাসনকে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করি।” তিনি পুলিশ কর্মকর্তাদের নির্ভয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদার সভায় পুলিশ প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ, জনবল সংকট ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
সভায় মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তারেহুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারগণ, এবং সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের বিস্তার ও ছিনতাই রোধে পুরো মহানগরীতে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হবে।

