এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
“মিথ্যা মামলা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না—জুলুম-অত্যাচারমুক্ত একটি শান্তি ও সমৃদ্ধির সমাজ গড়তে চাই।”
মঙ্গলবার (৩ মার্চ) তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা উপজেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রশাসন সবাই মিলে যেখানে অন্যায়-অত্যাচার, জুলুম, অবিচার ও নির্যাতন হবে, সেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ইনশাআল্লাহ। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সমাজে যেখানে অসংগতি ও মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, সেসব বিষয় আপনারা আমাদের সামনে তুলে ধরবেন। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজে কারও বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না।
সাংবাদিকদের সমাজের দর্পণ আখ্যায়িত করে তিনি বলেন, আমরা আপনাদের কাছ থেকে সবসময় সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এবং পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক সরদার ইয়াছিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক।
এছাড়া বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডা. আফতাব উদ্দীন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম এবং ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক প্রমুখ।

