Nabadhara
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে শালবনে মরদেহ গুম: রাহিম হত্যার রহস্য উন্মোচন, ভাইসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মার্চ ৪, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের জয়দেবপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্র রাহিম হত্যার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। হত্যার পর গভীর শালবনের ভেতর গর্ত করে মরদেহ মাটি চাপা দিয়ে গুম করা হয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাইসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। এসময় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, জয়দেবপুর থানার ডগরি নয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে আঃ রাহিম (১৩) স্থানীয় নয়াপাড়া এবাদিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে সে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর তার পিতা ৩ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি করেন।

পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি জয়দেবপুর থানাধীন বিকেবাড়ি পদ্মপাড়া এলাকায় বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশে সরকারি শালবনের গভীরে গর্তের ভেতর মাটি চাপা দেওয়া অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হলে পোশাক দেখে রাহিমের পিতা তাকে শনাক্ত করেন।

এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি জয়দেবপুর থানায় ৩০২/২০১/৩৪ ধারায় মামলা রুজু করা হয় এবং এসআই (নি:) মোঃ মোজাম্মেল হককে তদন্তভার দেওয়া হয়।

তদন্তে জানা যায়, মোবাইল ফোন কেনা নিয়ে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই আলামিন হোসেন বন্ধু আশিক আহমেদকে সঙ্গে নিয়ে ১ ফেব্রুয়ারি বিকেলে রাহিমকে শালবনের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে মাফলার দিয়ে গাছের সঙ্গে বেঁধে মুখে স্কচটেপ লাগানো হয়। একপর্যায়ে বিষয়টি বাবাকে জানিয়ে দেওয়ার কথা বললে আলামিন তাকে গলাটিপে হত্যা করে। পরে পাশেই গর্ত করে মরদেহ মাটি চাপা দেওয়া হয় এবং আলামত নষ্ট করতে তার জ্যাকেট আগুনে পুড়িয়ে ফেলা হয়।

৩ মার্চ ভোরে জয়দেবপুর থানাধীন মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে আলামিন হোসেন (২৩) ও আশিক আহমেদ (২০) কে গ্রেফতার করা হয়। আসামিদ্বয় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, নিখোঁজের পর থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হয় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।