শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে দেওয়ান শরিফ খাঁ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠানের দ্বিতীয় দিন সমআয়োজনে পালিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বাংলা ১৮ ফাল্গুন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পলাশ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা। তিনি বলেন, “দেওয়ান শরিফ খাঁ’র মাজার প্রাঙ্গণে অতীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ৫ আগস্ট পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে মাজার ও ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জনরোষ বা ভুল বোঝাবুঝির বশবর্তী হয়ে প্রাচীন ঐতিহ্যের ওপর আঘাত করা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করে। ধর্মীয় সহনশীলতা বজায় রাখা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের নাগরিক দায়িত্ব।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিনারদি ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা। তিনি বলেন, স্থানীয় মাজারের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। মাজারগুলো আমাদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ—এগুলো সংরক্ষণ ও সংস্কার জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিনারদি ইউনিয়ন যুবদলের সভাপতি ও মাজার কমিটির আহ্বায়ক খোরশেদ আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দূরদূরান্ত থেকে আগত ভক্তরা।
তিন দিনব্যাপী এ আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ধর্মীয় কর্মসূচি পালিত হচ্ছে।

