জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় শুরু হয়েছে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলা। দোল পূর্ণিমা উপলক্ষে বসা এ মেলায় উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে বেচাকেনা, বিশেষ করে ঘোড়ার হাট।
মেলার প্রধান আকর্ষণ ঘোড়ার মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতার ঘোড়া নিয়ে আসেন ব্যবসায়ীরা। ঘোড়া দৌড় দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। এছাড়া গরু ও মহিষ কেনাবেচাও চলছে মেলা শুরুর প্রথম পাঁচ দিন পর্যন্ত।
মেলা কমিটি সূত্রে জানা যায়, গরু-মহিষ ও ঘোড়া কেনাবেচাই এ মেলার প্রধান বৈশিষ্ট্য। পাশাপাশি কাঠের আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং দুই থেকে চার কেজি ওজনের মাছ আকৃতির মিষ্টান্নও পাওয়া যাচ্ছে। প্রায় মাসব্যাপী চলবে এ মেলা। তবে নিরাপত্তার স্বার্থে এবার যাত্রা ও সার্কাসের অনুমোদন দেয়নি প্রশাসন।
বগুড়া থেকে আসা কম্বল ব্যবসায়ী আবু হোসেন বলেন, “প্রতিবছর এই মেলায় আসি। গত দুই বছর আসতে পারিনি। এবার ভালো ব্যবসার আশা করছি।
নওগাঁর আত্রাই উপজেলা থেকে ঘোড়া কিনতে আসা আব্দুল মজিদ জানান, “প্রতি বছরই এই মেলার অপেক্ষায় থাকি। এবার ঘোড়া কিনেই বাড়ি ফিরবো।”
এবার একটি ঘোড়ার সর্বোচ্চ দাম হাঁকা হয়েছে সাড়ে সাত লাখ টাকা। ঘোড়ার মালিক মজিবর জানান, ঘোড়াটি ভারতীয় তাজি জাতের, বয়স সাড়ে চার বছর এবং দৌড়ে বেশ দ্রুত।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, গোপীনাথপুর মেলাটি ৫১৯ বছর ধরে চলে আসছে এবং এটি এলাকার অন্যতম প্রাচীন ঐতিহ্য।
আক্কেলপুর থানা-র অফিসার ইনচার্জ শাহিন রেজা জানান, মেলার সার্বিক নিরাপত্তায় পুলিশি টহল জোরদার রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত বলেন, প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং নিরাপত্তার জন্য যাত্রা ও সার্কাসের অনুমতি দেওয়া হয়নি।

