রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ ও উৎকট দুর্গন্ধ থেকে অবশেষে মুক্তি পেয়েছেন পৌরবাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলাম রোমানের উদ্যোগে এবং ব্যক্তিগত তত্ত্বাবধানে এই বিশাল ময়লার ভাগাড় অপসারণ করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহরের নতুন বাজার পুলিশ লাইন্স সংলগ্ন মহাসড়কের পাশে জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়। দীর্ঘদিন ধরে এখানে ময়লা ফেলার কারণে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা চরম স্বাস্থ্যঝুঁকি ও দুর্ভোগের মধ্যে ছিলেন।
বিষয়টি নজরে আসার পর আরিফুল ইসলাম রোমান সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। পরে পৌরসভার কারিগরি সহযোগিতা নিশ্চিত করে নিজের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
অভিযানে জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। যান্ত্রিক সরঞ্জামের পাশাপাশি কর্মীরা নিজ হাতে আবর্জনা অপসারণ করে এলাকাটিকে পুনরায় যাতায়াতের উপযোগী করে তোলেন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে গণমাধ্যমকে আরিফুল ইসলাম রোমান বলেন, “এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। ময়লার স্তূপটি শুধু পরিবেশ দূষণই করছিল না, বরং রাজবাড়ীর প্রবেশপথকে দৃষ্টিকটু করে তুলেছিল। একজন সচেতন নাগরিক হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে আমি এই দায়িত্ব নিয়েছি। সুন্দর ও আধুনিক পৌরসভা গড়তে হলে শহরকে পরিষ্কার রাখা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই।”
তিনি আরও জানান, পর্যায়ক্রমে শহরের ড্রেন পরিষ্কার, খেলার মাঠ সংস্কার এবং বর্ষার আগেই মশক নিধন কর্মসূচি গ্রহণ করা হবে। রাজবাড়ী পৌরসভাকে একটি মডেল ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এক ব্যবসায়ী বলেন, “দুর্গন্ধের কারণে এখানে টেকা দায় ছিল। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, ভবিষ্যতে যাতে কেউ যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ নষ্ট না করে, সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

