মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় একটি মাদ্রাসায় চোর সন্দেহে আটক করে মারধরের পর রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম উপজেলার মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে রফিকুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করলে তাকে চোর সন্দেহে আটক করা হয়। এ সময় তাকে একটি আমগাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে ভোরের দিকে তিনি মারা যান।
ঘটনাটি নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের কেউ সরাসরি ঘটনার বিস্তারিত জানাতে না পারলেও গুঞ্জন রয়েছে, মাদ্রাসার কয়েকজন শিক্ষক চোর সন্দেহে তাকে মারধর করেন। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করছে, স্থানীয় লোকজনের মারধরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মাসুদুর রহমান বলেন, “চোর সন্দেহে আটক ব্যক্তিকে মারধরের পর ভোররাতে তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

