নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে মানদণ্ড অনুসরণ না করে ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর যৌথ উদ্যোগে মাধবদী এলাকার শীতলবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
অভিযানে দেখা যায়, জিয়াংসু জিং ডিং স্টোরেজ কোং লি. নামের প্রতিষ্ঠানে উৎপাদিত লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি বিএসটিআইয়ের নির্ধারিত গুণগত মান পরীক্ষা ছাড়াই এবং সিএম লাইসেন্স গ্রহণ না করে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।
এ অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআই আইন-২০১৮ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদীর ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন। এ সময় বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে মানহীন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

