নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি মাছের আড়ত থেকে ১১৩ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ (স্টিংরে) জব্দ করেছে উপকূলীয় বন বিভাগ। পরে মাছটি নোয়াখালী উপকূলীয় বন বিভাগের কার্যালয়ে নিয়ে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।
শুক্রবার (৬ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর বাজারের একটি মাছের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, ভোরে সোনাপুর বাজারের মাছের আড়তে এক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে বড় আকারের একটি শাপলাপাতা মাছ নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কর্মকর্তারা সেখানে অভিযান চালালে মাঝখান থেকে কাটা অবস্থায় মাছটি জব্দ করা হয়। তবে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে আড়তের মালিক পালিয়ে যান।
বন বিভাগের কর্মকর্তারা জানান, শাপলাপাতা মাছ বাংলাদেশের নদী ও উপকূলীয় জলজ বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। এটি সাধারণত নদী ও সাগরের তলদেশে বসবাস করে এবং ছোট মাছসহ বিভিন্ন জলজ প্রাণী খেয়ে পরিবেশের খাদ্যচক্র ও ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অতিরিক্ত শিকার, অবৈধ বেচাকেনা এবং আবাসস্থল ধ্বংসের কারণে বর্তমানে এ প্রজাতি মারাত্মক হুমকির মুখে রয়েছে।
নোয়াখালী জেলা বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন, বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ অনুযায়ী এ ধরনের বন্যপ্রাণী শিকার, ক্রয়-বিক্রয়, মজুত বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

