যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ বস্তা ডিএপি সারসহ একটি নছিমন জব্দ করা হয়েছে। অবৈধভাবে সার পরিবহনের দায়ে নছিমনের চালক সাব্বির মোল্যা (২০) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সাব্বির মোল্যা উপজেলার আমডাঙ্গা গ্রামের মৃত হাফিজুর রহমান মোল্যার ছেলে। রবিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুইকারা গ্রামের জগবাবুর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নছিমনে অবৈধভাবে ৫০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) ডিএপি সার পরিবহন করা হচ্ছিল। পুলিশ নছিমনসহ চালক সাব্বির মোল্যাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় এবং সারসহ নছিমনটি জব্দ করা হয়।
অভিযুক্ত সাব্বির মোল্যা জানান, যশোরের মণিরামপুর বাজারে একটি তেল পাম্পের সামনে তৌহিদের দোকান থেকে কাগজপত্র ছাড়াই ৫০ বস্তা ডিএপি সার নছিমনে তোলা হয়। সেগুলো নওয়াপাড়া বাজারের হাইস্পিড ঘাট এলাকার এক শ্রমিকের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(১) ধারা অনুযায়ী অবৈধভাবে সার পরিবহনের দায়ে চালককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিএপি সারসহ একটি নছিমন জব্দ করা হয়েছে। এর আগে নওয়াপাড়া রেলস্টেশন মসজিদ মার্কেটের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, কাগজপত্র ছাড়া অবৈধভাবে সার পরিবহনের দায়ে আইন অনুযায়ী চালককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং সারসহ নছিমনটি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

