যশোর প্রতিনিধি
যশোরে আদালত বর্জনকে কেন্দ্র করে বার ও বেঞ্চের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা আইনজীবী সমিতি।
সোমবার (১০ মার্চ) বেলা ১২টায় যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সেমিনার কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
তিনি বলেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীনের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়ার পরও কোনো সমাধান হয়নি। অভিযোগ করে তিনি বলেন, বিচারক আইনজীবীদের বাদ রেখেই বাদী ও আসামি পক্ষের স্বজনদের উপস্থিতিতে বিচারকাজ পরিচালনা করছেন। পাশাপাশি অতিরিক্ত পুলিশি উপস্থিতি রাখা হচ্ছে।
অ্যাডভোকেট সাবু বলেন, “তিনি (বিচারক) আইনজীবীদের প্রতিপক্ষ হিসেবে দেখছেন, যা মোটেও সমীচীন নয়। এ পরিস্থিতি বিচারপ্রার্থীদের জন্যও উদ্বেগজনক।” এ বিষয়ে দ্রুত সমাধানের জন্য আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে সরিয়ে অন্য কোনো বিচারককে দায়িত্ব দিলে আইনজীবীরা আবারও স্বাভাবিকভাবে এজলাসে ফিরে যাবেন।
সংবাদ সম্মেলনে সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. এ. গফুরসহ সমিতির অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

