স্টাফ রিপোর্টার, নড়াইল
পবিত্র রমজান মাস এলেই ফলের বাজারে দামের চাহিদা বাড়ে। ইফতারের টেবিলে ঠান্ডা তরমুজ যেন এক অনিবার্য উপাদান। কিন্তু এবার রমজান কে কেন্দ্র করে তরমুজের বাজারে অস্বাভাবিক দামের উধর্বগতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
মঙ্গলবার(১০মার্চ)সকালে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লোহাগড়া বাজার, লক্ষীপাশা,এডেন্দা বাজার, দিঘলিয়া, শিয়রবর, মানিকগঞ্জ, লাহুড়িয়া,নলদী, ইতনা,কালনা বাজারসহ বিভিন্ন বাজারে মানভেদে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আবার কোথাও কোথাও দাম ১০০ টাকাও ছাড়িয়েছে। অনেক ক্রেতার অভিযোগ যে একটি অসাধু সিন্ডিকেট তরমুজের বাজার নিয়ন্ত্রণ করে কৃত্রিম সংকট তৈরি করছে।
তরমুজ ব্যবসায়ী বিমল বিশ্বাস বলেন,উৎপাদন এলাকায় খরচ বেড়েছে। পরিবহন ব্যয়, খাজনা ও বাজার ব্যবস্থাপনার অতিরিক্ত চাপের কারণেই দাম বেশি রাখতে হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ,পাইকারি বাজারে তুলনামূলক কম দামে তরমুজ মিললেও খুচরা পর্যায়ে তা কয়েক গুণ বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।
তরমুজ কিনতে আসা কালনা গ্রামের সেকেন্দার মোল্যা বলেন, কেজি দরে তরমুজ বিক্রি করা হলেও এক কেজি পরিমাণ তরমুজ পাওয়া যাচ্ছে না। ফলে বেশি দাম দিয়ে বেশি ওজনের তরমুজ কিনতে হচ্ছে। সবচেয়ে ছোট তরমুজও সাধারণত ৫ কেজির বেশি,তাই এক বা দুই কেজির মত তরমুজ পাওয়া যায় না। কেজি ৮০ টাকায় তরমুজ! এত দাম ভাবতে পারিনি। তবুও ছেলে-মেয়েদের কথা চিন্তা করে ছোট একটি তরমুজ কিনেছি।
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনুমুন সাহা বলেন, বর্তমানে বাজারে পাওয়া তরমুজ আগাম জাতের। তাই দাম একটু বেশি। কিছুদিন পর এই মৌসুমের তরমুজ বাজারে এলে আশা করি দাম কমে যাবে।

