শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রশাসনের প্রতিটি সেক্টরে নাগরিক সেবার ক্ষেত্রে দৃশ্যমান স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রতিটি দফতরের সেবা সম্পর্কে জনগনকে পরিস্কারভাবে অবহিত করতে হবে। এক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।
রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নিয়ে সংশ্লিষ্টদের কাজ করতে হবে।
দেশের যতগুলো ঘাট রয়েছে তার মধ্যে যাত্রীসেবা ও উন্নয়নের দিক থেকে দৌলতদিয়া ঘাটকে মডেল ঘাটে পরিনত করতে হবে। এর জন্য সরকারিভাবে প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা দেয়া হবে। ঈদে ঘরমুখো মানুষ যেন কোন ভাবেই এ ঘাটে এসে হয়রানির শিকার না হয় সেটা সংশ্লিষ্টদের নিশ্চিত করতে হবে।
প্রধান মন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উপরোক্ত কথাগুলো বলেন।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা হলরুমে শুক্রবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়ালন্দ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাটে মৌসুমী কাউন্টার বসিয়ে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে আওয়ামী লীগ আমলের মতো বাড়তি টাকা আদায় করা যাবে না। চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসা পুরোপুরি নির্মূল করতে হবে। শুধু মাদক সেবী নয়,যারা মাদক ব্যবসা করে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।এগুলোর সাথে জড়িত সে যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না।
এ সময় তিনি ঈদ উপলক্ষে বিশেষ বরাদ্দের ভিজিএফ চাল বিতরনে যে কোন ধরনের অনিয়ম, স্বজন প্রীতি ও দুর্নিতি বন্ধে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দেন।
মত বিনিময় সভায় তিনি গোয়ালন্দে উপজেলার বিভিন্ন সরকারি দফতরে নাগরিক সেবা প্রদানে যে সকল সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মোঃ মনজুর মোরশেদ।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।
এ সময় উপজেলার সরকারী সকল দফতর প্রধান, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

