নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলের জাহাঙ্গীরপুর ইউনিয়নের নিভৃত পল্লীতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি) নিজ হাতে একটি মৃত ব্যক্তির মরদেহ দাফন করে মানুষের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
প্রতিমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীরপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও উদ্ভোধনী অনুষ্ঠান শেষে উপজেলা সদরে ফেরার পথে এই মরদেহের দাফনকাজের সঙ্গে যুক্ত হন। সকল প্রটোকল ভেঙ্গে তিনি গাড়ি থেকে নেমে মরদেহটি সরাসরি কবরে নামিয়ে দাফন করেন।
এলাকাবাসী জানান, প্রতিমন্ত্রী নেমেই মরদেহের সঙ্গে সহযোগিতা করলেন এবং দ্বিধা সংকোচ ছাড়াই দাফনকাজে শরিক হলেন। উপস্থিতদের মতে, তার এই মানবিক উদ্যোগে তারা অভিভূত হয়েছেন।
ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিমন্ত্রীর এই মানবিক কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে প্রশংসার ঝড় তুলেছে। স্থানীয়রা বলছেন, “জনপ্রতিনিধি হিসেবে একজন নেতার এমন মানবিক কাজ সমাজে অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। তার পিতা মরহুম আনোয়ারুল হোসেন খানও সংসদ সদস্য থাকাকালীন একইভাবে মানুষের পাশে থাকতেন; আজ আমরা যোগ্য সন্তানের এই মানবিক দৃষ্টান্তে অভিভূত।”
প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড নান্দাইলের জনগণের মধ্যে মানবিক নেতৃত্ব ও জনবান্ধবতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে মনে করা হচ্ছে।

