বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ফেরদৌস (২৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের বীরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ফেরদৌস ওই এলাকার আব্দুর রউফের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেরদৌসকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

