নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি শনিবার (৪ এপ্রিল) ময়মনসিংহ জেলায় সরকারি সফরে আসছেন। দিনব্যাপী এই সফরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ও উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মাহফুজুল আলম মাসুম স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকার গুলশানস্থ নিজ বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবেন প্রতিমন্ত্রী। সকাল ১০টা ৩০ মিনিটে তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বিভাগের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
ত্রিশালে মধ্যাহ্নভোজ শেষে দুপুর ২টায় ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর বিকেল ৩টায় ‘ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
বিকেল ৫টায় সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রতিমন্ত্রী।
সফরসঙ্গী হিসেবে প্রতিমন্ত্রীর সঙ্গে থাকবেন একান্ত সচিব মাহফুজুল আলম মাসুম, সহকারী একান্ত সচিব মহিদউদ্দিন আহমেদ, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ ফরিদপুর রেজা সাগর এবং গানম্যান মোঃ কামরুজ্জামান পিপিএম।
প্রতিমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

