জয়পুরহাট প্রতিনিধি
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, সাম্প্রতিক সময়ে হঠাৎ বৃষ্টি ও ঝড়ে আলুর যে ব্যাপক ক্ষতি হয়েছে, তার অন্যতম কারণ ড্রেনেজ ব্যবস্থার অচলাবস্থা। এলাকার খালগুলো সচল থাকলে আলু চাষীদের এ ধরনের ক্ষতির সম্মুখীন হতে হতো না।
শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজের পূর্বে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হারাবতী নদীর কানমনা খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের পাশাপাশি দেশে উৎপাদিত অতিরিক্ত ১৫ থেকে ২০ লাখ মেট্রিক টন আলুর সঠিক ব্যবহারের উদ্যোগ নিয়েছে এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কাছে সরাসরি অর্থনৈতিক সহায়তা পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুনুর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জয়পুরহাটের কানমনা-হারাবতী খালের প্রায় ৬ কিলোমিটার খনন কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৭১ লাখ টাকা। খনন কাজের তত্ত্বাবধানে থাকবে পানি উন্নয়ন বোর্ড।

