Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

জয়পুরহাট প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে জয়পুরহাটে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।

রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

শোভাযাত্রা শেষে কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে। তিনি বলেন, পহেলা বৈশাখ কেবল বর্ষবরণ নয়, এটি ঐক্য, সম্প্রীতি ও নতুনভাবে ঘুরে দাঁড়ানোর প্রেরণা।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক (আনু)।

আলোচনা সভা শেষে শুরু হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে জেলা শিল্পকলা একাডেমি, জেলা জাসাসসহ ১৯টি সংগঠন সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। লোকসংগীত, বৈশাখী গান ও নৃত্যের মাধ্যমে বাংলার গ্রামীণ জীবনধারা ও ঐতিহ্য ফুটে ওঠে।

নববর্ষ উপলক্ষে কালেক্টরেট মাঠসহ শহরের বিভিন্ন স্থানে বসে ঐতিহ্যবাহী খাবারের স্টল। পান্তা-ভাত, চিড়া-দই, ভর্তা ও দেশীয় নানা খাবারে ভরে ওঠে স্টলগুলো। পাশাপাশি দুই দিনব্যাপী বৈশাখী মেলায় মিঠাই-মিষ্টান্ন, হস্তশিল্প, খেলনা ও গ্রামীণ ঐতিহ্যের পণ্যের স্টল দর্শনার্থীদের আকর্ষণ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।