Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় গৃহবধূর অগ্নিদগ্ধ মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—ঘিরে রহস্য

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুশুমদি গ্রামে প্রবাসীর স্ত্রী শিল্পী রানী (৩৫)-এর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা ও সন্দেহ।

স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, গত ১২ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই সময় গৃহবধূর শরীরে দাহ্য পদার্থ পড়ে আগুন ধরে যায়। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি প্রশাসন।

পরে দগ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজুল ইসলাম তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক দেড়টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনাটি নিয়ে এলাকায় নানামুখী মত তৈরি হয়েছে। স্থানীয় সাবেক কাউন্সিলর ফকির এনায়েত হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। অন্যদিকে প্রতিবেশী আরাফাত হোসেনও এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছেন।

তবে সচেতন মহল ও স্থানীয়দের একাংশ ঘটনাটিকে সন্দেহজনক উল্লেখ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, যা তদন্তের মাধ্যমে উদঘাটন করা প্রয়োজন।

স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর দ্রুত অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং বিষয়টি প্রশাসনকে যথাযথভাবে না জানিয়ে আড়াল করার চেষ্টা করা হয়েছে, যা নিয়ে এলাকায় নতুন করে গুঞ্জন সৃষ্টি হয়েছে।

নিহত শিল্পী রানীর বাবার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কেষ্টপুর গ্রামে। প্রায় ১৩ বছর আগে প্রবাসী প্রদীপের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে সাগর নামে ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে, যে বর্তমানে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত।

ঘটনার পর থেকে প্রবাসী স্বামী প্রদীপের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। এলাকাবাসীর তথ্যমতে, তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী এবং বাড়ির সামনেই তার একটি দোকান রয়েছে।

এ বিষয়ে প্রদীপের মা চায়না রানী মণ্ডল বলেন, “আমার ছেলের বউয়ের স্বভাব-চরিত্র ভালো ছিল না। বাপের বাড়ির টাকার বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ হতো। ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না।”

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ প্রাথমিকভাবে অবগত রয়েছে। লিখিত অভিযোগ ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।