কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় উপজেলাবাসী।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কচুয়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে অংশ নেন। শোভাযাত্রায় আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন প্রতীকী উপকরণ প্রদর্শন করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ হায়দার, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির শিক্ষক মো. রফিকুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ; এটি কোনো নির্দিষ্ট ধর্মের নয়, বরং সকল বাঙালির সার্বজনীন উৎসব।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান, লোকসংগীত, বৈশাখী বন্দনা ও নৃত্য পরিবেশন করেন, যা অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য এনে দেয়।
অনুষ্ঠানস্থল সংলগ্ন এলাকায় দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় মাটির তৈরি পুতুল, তৈজসপত্র ও দেশীয় খাবারের পসরা দর্শনার্থীদের আকর্ষণ করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাঙালি ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিবছর এ আয়োজন করা হয়। উৎসবকে নিরাপদ রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল।
এ উপলক্ষে সরকারি হাসপাতাল ও স্থানীয় এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। সব মিলিয়ে কচুয়ায় নববর্ষ উদযাপন ছিল এক প্রাণবন্ত মিলনমেলা।
অন্যদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজেও দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজ প্রাঙ্গণে। অধ্যক্ষ মো. আবুল কালাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান। পরে শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে পান্তা-ইলিশ ভোজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করেন।

