আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার ও পরীক্ষা কমিটির এক সদস্যকে দায়িত্বে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের ৫ মে জারি করা পত্রের নির্দেশনা অনুযায়ী তাদের এ অব্যাহতি প্রদান করা হয়।
পত্রসূত্রে জানা যায়, দরগাহপুর-২৫৯ (দরগাহপুর এস.কে.আর.এস মাধ্যমিক বিদ্যালয়) কেন্দ্রে পরীক্ষার সময় বহিরাগত ব্যক্তিদের অবাধ প্রবেশ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে পক্ষপাতিত্ব, পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা প্রদান, ট্যাগ অফিসারের পরীক্ষাকক্ষে প্রবেশ করে উত্তরপত্র জব্দ করে দীর্ঘ সময় আটকে রাখা এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার মতো গুরুতর অনিয়মের অভিযোগ ওঠে।
এছাড়া পরীক্ষা কমিটির সদস্য সহকারী শিক্ষক শেখ রাখিদুল ইসলামের বিরুদ্ধে প্রশ্নপত্র বাইরে নিয়ে সমাধানের চেষ্টা করার অভিযোগ রয়েছে, যা ভিজিল্যান্স টিমের নজরে আসে।
এ সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কেন্দ্র সচিব গৌরপদ মন্ডল, ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝংকর ঢালী এবং কমিটির সদস্য শেখ রাখিদুল ইসলামকে পরবর্তী সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ৬ মে জারি করা এক পত্রে বোর্ডের নির্দেশনা বাস্তবায়ন করে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। একই সঙ্গে সহকারী অধ্যাপক জি এম আনোয়ারুল ইসলামকে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

