Nabadhara
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অক্টোবর ১৪, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা, কার্যকর ব্যবহার বাড়ানো এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তুলতে মান নিয়ন্ত্রণ ও সার্টিফিকেশন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মো. সোহেল রানা। তিনি বলেন, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে মানসম্মত পণ্য উৎপাদন ও ব্যবহারের বিকল্প নেই।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবস উপলক্ষে গাজীপুরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘Shared Vision for a Better World—Affordable and Clean Energy’ প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের গাজীপুর আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান এবং গাজীপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাসেম ফারহান।

প্রধান অতিথির বক্তব্যে মো. সোহেল রানা বিএসটিআইয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, জ্বালানির নিরাপত্তা ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে এর গুণগত মান বজায় রাখা জরুরি। এ জন্য মান যাচাই ও সার্টিফিকেশন কার্যক্রম আরও জোরদার করতে হবে।

বিশেষ অতিথি এম রকিবুল হাসান বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিটি পণ্যের মান নিশ্চিত করা অপরিহার্য। ভোক্তা পর্যায়ে মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআইয়ের কার্যক্রম আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে মো. শাহরিয়ার নজির শিক্ষা, চিকিৎসা, পণ্য উৎপাদনসহ সব ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি গাজীপুরে একটি পরীক্ষাগার স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, স্থানীয় পর্যায়ে পরীক্ষাগার গড়ে তোলা হলে পণ্যের মান যাচাই ও পরীক্ষার কার্যক্রম আরও সহজ এবং কার্যকর হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান এস এম তালাত মাহমুদ। বিশ্ব মান দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এস এম মাহফুজ আলম।

অনুষ্ঠানের শুরুতে বিএসটিআইয়ের কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা পণ্যের মান নিয়ন্ত্রণ, জ্বালানির কার্যকর ব্যবহার এবং ভোক্তাদের জন্য মানসম্মত পণ্য নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।