যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে দোকান ঘর ভাড়া দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে আনিছুর রহমান (৬৭) নামে এক আমদানিকারক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) রাতে উপজেলার নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়।
নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ট্রেডিং’-এর মালিক এবং স্থানীয় ‘আনিস প্লাজা’র স্বত্বাধিকারী। তিনি নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ ‘আনিস প্লাজা’য় একটি দোকান ঘর ভাড়া নিতে চেয়েছিলেন। তবে আনিছুর রহমান ঘর ভাড়া দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে আনিছুর রহমানকে তার বাড়ির সামনে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে শাহ মাহামুদ।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নওয়াপাড়া আমদানিকারক ও বাজার ব্যবসায়ী সমিতি।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

