মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উদ্ধার হওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৮২টি মোবাইল ফোন এবং ১৩ লাখ ৭২ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে তুলে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া টাকা দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, পুরোনো মোবাইল ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই মোবাইলের বক্স ও ক্যাশ মেমো বিক্রেতার কাছ থেকে নিতে হবে। অনলাইনে প্রতারণা এড়াতে বিকাশ, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপের ওটিপি কাউকে শেয়ার না করারও পরামর্শ দেন তিনি। এছাড়া অনলাইনে কোনো পণ্য কেনার আগে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সাইবার অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। হারানো মোবাইল ফোন ও টাকা উদ্ধারের মাধ্যমে ভুক্তভোগীদের মুখে হাসি ফিরেছে।
পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়া ৮২টি মোবাইল ফোনের মধ্যে মেহেরপুর সদর থানা এলাকা থেকে ৩৭টি, গাংনী থানা এলাকা থেকে ২৯টি এবং মুজিবনগর থানা এলাকা থেকে ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১৮টি ফেসবুক আইডি ও ৯টি হোয়াটসঅ্যাপ আইডিও পুনরুদ্ধার করা হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদি হাসান দিপু এবং ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

