স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলার পঙ্কবিলা গ্রাম এখন ‘লিচুর গ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে। আগাম জাতের লিচু চাষে সাফল্য পাওয়ায় গ্রামের প্রতিটি বাড়ির আঙিনা, পুকুরপাড় ও রাস্তার ধারে থোকায় থোকায় ঝুলছে রসালো লিচু।
নড়াইল শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে প্রবেশ করলেই চোখে পড়ে লিচুগাছভর্তি সবুজ পরিবেশ। স্থানীয়দের মতে, আগাম লিচু বাজারে আসায় এখানকার ফলের চাহিদা ও দাম দুটোই তুলনামূলক বেশি।
স্থানীয় কৃষক শহিদুল ইসলাম বলেন, “আমার বাড়ির আঙিনায় ৬টি লিচুগাছে এবার ভালো ফলন হয়েছে। প্রায় ১৫ হাজার টাকার লিচু বিক্রি করেছি। আগাম হওয়ায় পাইকাররা সরাসরি বাড়ি থেকে লিচু কিনে নিয়ে যাচ্ছে।”
তিনি আরও জানান, প্রতিদিন এই গ্রাম থেকে প্রায় ২০ থেকে ৩০ হাজার লিচু বিক্রি হয়।
লিচু ব্যবসায়ী হাসান মোল্যা বলেন, “বাড়ি বাড়ি ঘুরে প্রতি ১০০ লিচু ১৫০ থেকে ১৭০ টাকায় কিনে বাইরে বাজারে ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে পাইকাররা এখানে এসে লিচু কিনে নিয়ে যাচ্ছে, তাই দামও তুলনামূলক বেশি পাওয়া যাচ্ছে।”
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান বলেন, “পঙ্কবিলা গ্রাম এখন লিচুর গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। আগাম জাতের লিচু চাষে কৃষকদের আয় বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিভাগ থেকে নিয়মিত কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।”
আগাম লিচু চাষে সফলতার কারণে পঙ্কবিলা গ্রামের অনেক কৃষকের জীবনমান উন্নত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

