দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে হট্টগোলের মুখে পড়েন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মুফতি আমির হামজা। এ সময় ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
পরে টুর্নামেন্ট উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়েও তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী মাঠের মধ্যেই বসে পড়েন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ এমপি আমির হামজাকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। তবে শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে অধ্যক্ষের কার্যালয় থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন মুফতি আমির হামজা।
এদিকে, ঘটনার পর আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করা হয়, “কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা।” তবে পোস্টটির নিচে ‘এডমিন’ উল্লেখ ছিল।
এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি আমির হামজার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে তিনি পুলিশ ফোর্স নিয়ে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে যান। সেখানে আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে দেখা যায়। তবে তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ অস্বীকার করেন তিনি।
ওসি আরও বলেন, “আমির হামজা অধ্যক্ষের কার্যালয় থেকে আমার সঙ্গেই বের হয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।”

