Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে দম্পতিকে অচেতন করে স্বর্ণালংকার লুট, দোতলায় বসে খাওয়াদাওয়া দুর্বৃত্তদের

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মে ৭, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে এক দম্পতিকে অচেতন করে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুস সালামের দোতলা বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট হয়েছে। এ সময় দুর্বৃত্তরা দীর্ঘ সময় বাড়িতে অবস্থান করে খাওয়াদাওয়াও করে।

অসুস্থ অবস্থায় বর্তমানে আব্দুস সালাম (৪৫) ও তাঁর স্ত্রী শিউলি বেগম (৪০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর ভাইঝি ইয়াসমিন আক্তার জানান, আব্দুস সালাম একটি কোম্পানির পরিবেশক। বিজয়রামপুর হাইস্কুল সংলগ্ন তাঁর দোতলা বাড়িটির নির্মাণকাজ চলমান। ব্যালকনি ও পাশের গাছ বেয়ে সহজেই ঘরের ভেতরে প্রবেশ করা যায়।

তিনি বলেন, বুধবার রাতে আব্দুস সালাম ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন। রাত ১২টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা দোতলা দিয়ে ঘরে ঢুকে নিচতলায় নেমে চেতনানাশক স্প্রে করে তাঁদের অজ্ঞান করে ফেলে।

এরপর দুর্বৃত্তরা দোতলায় অবস্থান নিয়ে রান্না করা ভাত খায়, ফ্রিজ থেকে ডিম বের করে সেদ্ধ করে খাওয়াদাওয়া করে। এমনকি বাক্স থেকে বালিশ-কম্বল বের করে বিশ্রাম নেয়। তারা বিস্কুট ও পানও খেয়েছে বলে জানান তিনি।

পরে বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে আব্দুস সালামের স্ত্রী ও ছেলের বউয়ের ব্যবহৃত প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং প্লাস্টিকের ব্যাংক কেটে নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করলে দম্পতি জেগে ওঠেন এবং ঘরের তছনছ অবস্থা দেখতে পান। পরে তাঁদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আব্দুস সালামকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।