ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাশ দিয়ে প্রবাহিত কাঁচামাটিয়া নদী দখলমুক্ত, খনন এবং নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ওয়েব ও ওয়াইপিএজি গ্রুপ ঈশ্বরগঞ্জ।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের স্রোতস্বিনী কাঁচামাটিয়া নদী বর্তমানে বিভিন্ন মহলের অবৈধ দখল, ঘরবাড়ি নির্মাণ এবং নির্বিচারে বর্জ্য ফেলার কারণে সরু খালে পরিণত হয়েছে। নদীর বুকে রাস্তা নির্মাণ ও অপরিকল্পিত ভরাটের ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
বক্তারা আরও বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে নদীটি অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যাবে। তাই নদী দখলমুক্ত করে দ্রুত খনন ও নাব্যতা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে পিএফজির একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, উপজেলা সুজন সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার, সাবেক পৌর কাউন্সিলর মমতা তালেব, পিএফজি সদস্য হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান শাহীন ও আব্দুল্লাহ আল নোমান।

