রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে রাজনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টায় রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, “ভেঙে পড়া রাষ্ট্রের ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে বিএনপি সরকার কাজ করছে। আমাদের ঐক্য ও দায়িত্ববোধ ভুলে গেলে চলবে না। সরকারের কাজকে আরও গতিশীল ও সহায়তা করতে মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো অপশক্তিই টিকতে পারে না। অন্যায়, জুলুম ও দমন-পীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে। জনগণের ন্যায্য অধিকার আদায়ে বিএনপি অতীতের মতোই রাজপথে সক্রিয় থাকবে।
এছাড়া তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা মোল্লা রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

