আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবিতে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় উপজেলা চত্বরে কারিতাস বাংলাদেশ (খুলনা অঞ্চল)-এর ডিআরআর ও সিসিএ প্রকল্পের উদ্যোগে এবং জার্মানি ও বিএমজেড-এর আর্থিক সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
উপকূলীয় অঞ্চলে নদীভাঙন, ঘূর্ণিঝড় ও লবণাক্ততার কারণে আশাশুনির বহু মানুষ প্রতিবছর ভিটেমাটি হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছে—এমন বাস্তবতা তুলে ধরে বক্তারা বলেন, এ সংকট দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। কৃষিজমি নষ্ট হয়ে যাওয়া ও জীবিকা হারানোর কারণে মানুষ বাধ্য হয়ে এলাকা ছাড়ছে।
এর আগে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, প্যানেল চেয়ারম্যান মো. সোহরাব হোসেন, ইউপি সদস্য রায়হানুজ্জামান, অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর কাকলি হালদারসহ অন্যান্যরা।
ক্যাম্পেইনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকদের মতে, এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা, যাতে জলবায়ু উদ্বাস্তু মানুষ শুধু ত্রাণ নয়, বরং দীর্ঘমেয়াদী সুরক্ষা ও ন্যায্য অধিকার পায়।
এসময় বক্তারা জলবায়ু-অভিবাসিত পরিবারের তালিকা তৈরি করে সরকারি সহায়তার আওতায় আনা, নিরাপদ আবাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং সুপেয় পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত মানুষদের পক্ষ থেকে সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিতদের চোখে-মুখে ছিল হারানো ঘরবাড়ি ফিরে পাওয়ার আকুতি এবং নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা।

