ফরিদপুর প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।
সভায় বক্তারা পশুর হাটের নিরাপত্তা, যানজট নিরসন এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, পশুর হাটে ক্রেতা ও বিক্রেতারা যাতে নিরাপদ ও সুন্দর পরিবেশে কেনাবেচা করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। জাল নোট প্রতিরোধে হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন এবং নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও জানানো হয়, মহাসড়কে কোনো অবস্থাতেই গরুর হাট বসতে দেওয়া হবে না এবং মাঝরাস্তায় পশু উঠানামা বন্ধে কঠোর নজরদারি রাখা হবে। পাশাপাশি হাইওয়েতে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধ, লক্কড়-ঝক্কড় ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং মহাসড়কে ত্রি-হুইলার চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যেখানে-সেখানে যাত্রী উঠানামা বন্ধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে ব্যাংক এলাকায় নিরাপত্তা জোরদার এবং বেইলি ব্রিজ থেকে থানা পর্যন্ত সড়ক ফুটপাতমুক্ত রাখার বিষয়েও আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব সমস্যা সমাধান সম্ভব। একইসঙ্গে বিভিন্ন মার্কেটে নিরাপত্তা জোরদারে টহল পুলিশের প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সিনিয়র সাংবাদিক নাজিম বাঁকাউল, বাস মালিকদের পক্ষে কামরুল ইসলাম সিদ্দিকী ও বজলুর রশিদ, শরীয়তুল্লাহ বাজারের লিয়াকত আলী খান লাভলু, জুয়েলারি ব্যবসায়ীদের পক্ষে শ্যামল কর্মকার, বাস শ্রমিকদের পক্ষে মোঃ মিজানুর রহমান, আবুল কালাম আজাদ ও রাজিবুর রহমান সুজন, ট্রাফিক পুলিশের পক্ষে টিআই মোঃ খুরশিদ আলম শিকদার, ১০৫৫-এর পক্ষে মেহেদী ইলিয়াস ও রাজিব হাসান সুজন, গরুর হাট ব্যবসায়ীদের পক্ষে সরোয়ার হোসেন এবং নিউ মার্কেটের পক্ষে একে আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

