নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি উপেক্ষা করে অবশেষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
বৃহস্পতিবার দুপুরে নিয়োগ পাওয়ার আট দিনের মাথায় তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তাকে শিক্ষক সমিতির নেতারা ও সাবেক ভিসি অধ্যাপক জয়নাল আবেদীন ফুল দিয়ে স্বাগত জানান।
ভিসির আগমনের পরপরই ক্যাম্পাসের প্রধান ফটকে দীর্ঘদিন ধরে রাখা বিভিন্ন অবরোধমূলক আসবাবপত্র ও ব্যারিকেড সরিয়ে ফেলতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের। পরে মূল ফটক স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
তবে এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি ঘিরে ক্যাম্পাসে নীরবতা ও সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া জানান, শহীদ আবু সাঈদ ভবনে ভিসির কার্যালয়ে গিয়ে নিজ চেয়ারে বসেন নতুন উপাচার্য। এ সময় শিক্ষক ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
তিনি আরও জানান, এর আগে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরের সভাকক্ষে শিক্ষকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন নতুন ভিসি। বৈঠক শেষে শিক্ষক ও কর্মচারীরাই তাকে ক্যাম্পাসে নিয়ে যান।
এর আগে ‘লাল কার্ড’ ও ‘ব্লকেড’ কর্মসূচির পর মঙ্গলবার বিকেলে ডুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকেই ক্যাম্পাস একেবারে ফাঁকা হয়ে যায়। মঙ্গলবার রাতেই অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করেন। দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা বুধবার সকালে বের হয়ে যান।
ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও টানা ছয়দিনের বিক্ষোভে অচলাবস্থা সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়ে।

