শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৩০ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাশ মাছ। পরে মাছটি ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। মাছটি ধরেন স্থানীয় জেলে শহীদ হালদার।
জেলে শহীদ হালদার জানান, প্রতিদিনের মতো পদ্মা নদীতে জাল ফেললে বড় আকৃতির পাঙ্গাশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে প্রতি কেজি ১ হাজার ৮৫০ টাকা দরে বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, জেলের কাছ থেকে মাছটি মোট ৫৫ হাজার ৫০০ টাকায় কেনা হয়। পরে মাছটির ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ করলে এক সিঙ্গাপুর প্রবাসী এটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। পরে প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৬০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয় এবং বিশেষ ব্যবস্থায় ঢাকার ঠিকানায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় এসব মাছের চাহিদা সবসময় বেশি থাকে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীতে মাঝেমধ্যেই জেলেদের জালে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। নদীতে মাছের নিরাপদ প্রজননের জন্য অভয়াশ্রম গড়ে তোলা গেলে মাছের উৎপাদন আরও বাড়বে বলে তিনি মত প্রকাশ করেন।

