ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় সড়কের পাশের একটি ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ৬ নম্বর গৌরীপুর ইউনিয়নের পৌকখালী বাজারের পূর্ব পাশে ভাণ্ডারিয়া-কাঁঠালিয়া আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে কয়েকজন পথচারী ও স্থানীয় বাসিন্দা সড়কের পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা বিষয়টি ভাণ্ডারিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে কোনো অপরাধমূলক ঘটনার শিকার হয়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
ভাণ্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা রত্নেশ্বর কুমার মণ্ডল জানান, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যজনক এ মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

