নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীর ও মুখে একাধিক বীভৎস আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন ) সকালে তুমলিয়া ইউনিয়নের সোম নতুন বাজারের উত্তর পাশে গোরস্থান সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম একই ইউনিয়নের অলুয়া গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম বিভিন্ন জেলায় শ্রমিকের কাজ করতেন। সোমবার দুপুরে তিনি বাড়িতে আসেন। পরদিন সকালে স্থানীয়রা সড়কের পাশে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় উত্তর সোম গ্রামের জিন্নত আলীর ছেলে সাবেক ওয়ার্ড মেম্বার মো. আরমান হোসেন রাজ এবং টিওরী গ্রামের বাসিন্দা সরজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

