নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহার সীমান্তে শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় তাদের আবারও ভারতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যায়।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার এলাকা দিয়ে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। দীর্ঘ প্রায় ১৯ ঘণ্টা ধরে এ চেষ্টা অব্যাহত থাকলেও বিজিবির কড়া অবস্থানের কারণে তা সফল হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুশ ইনের উদ্দেশ্যে আনা ব্যক্তিদের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নজরদারিতে রাখে। রাত ১১টার দিকেও বিজিবি সদস্যদের সেখানে অবস্থান করতে দেখা যায়। পরে গভীর রাতে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নিয়ে যায়। এ সময় তাদের অনেকেই কান্নাকাটি করছিল এবং যেতে অনিচ্ছুক ছিল বলে স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দাদের মতে, সীমান্তে বিজিবির দৃঢ় অবস্থান ও সতর্ক টহলের কারণে পুশ ইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এজন্য তারা বিজিবির ভূমিকাকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “খবর পাওয়ার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়। মানবিক দিক বিবেচনায় শুরুতে তাদের শূন্যরেখায় অবস্থান করতে দেওয়া হলেও সন্ধ্যার পর নোম্যান্সল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। রাত ১টার দিকে বিএসএফ সীমান্তের আলোকসজ্জা বন্ধ করে দেয়। পরে তারা পুশ ইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ওই ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, সীমান্তের ওই এলাকায় বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রয়েছে।
উল্লেখ্য, বিএসএফের পান্নাছড়া ক্যাম্পের সদস্যরা শুক্রবার সকালে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। সীমান্তে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

