নওগাঁ প্রতিনিধি
নবপ্রতিষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৮ জুন। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে জিএসটি (GST) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ভর্তি সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, A, B ও C ইউনিটে পছন্দক্রম ও মেধাক্রম অনুযায়ী বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ৭ জুন দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জিএসটি’র নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে।
এছাড়া শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি জমাদানের রশিদসহ একটি A4 সাইজের খামে আবেদনকারীর নাম ও GST রোল নম্বর উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ে সশরীরে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, A, B ও C ইউনিটের শিক্ষার্থীরা আগামী ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের (তৃতীয় তলা) ৩১০ নম্বর কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।
কাগজপত্র জমা দেওয়ার পর শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষর ও সিলযুক্ত একনলেজমেন্ট স্লিপ বা জমাদানের রশিদ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে মূল নম্বরপত্র ফেরত নেওয়ার সময় ওই রশিদ প্রদর্শন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”
প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় নওগাঁ বিশ্ববিদ্যালয়কে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

